স্পোর্টস ডেস্ক :
ক্যারিয়ারে আরও একটি হ্যাটট্রিক যোগ হলো আরলিং হালান্ডের। নরওয়ে তারকার দুর্দান্ত পারফরম্যান্সে লিভারপুলকে বিধ্বস্ত করলো ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠেছে সিটি, যা একটি রেকর্ড।
শনিবার (৪ এপ্রিল) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ম্যানসিটি। আগের দুইবার যা হয়েছিল, সেটাই হলো। আর্লিং হালান্ড করলেন হ্যাটট্রিক। লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে এফএ কাপের সেমিফাইনালে উঠে গেল ম্যানসিটি।
ইতিহাদ স্টেডিয়ামে এফএ কাপে লিভারপুলের বিপক্ষে সিটির কোনো খেলোয়াড়ের এটাই প্রথম হ্যাটট্রিক। নিজের ও দলের প্রথম গোলটি করেন তিনি সফল স্পট কিকে।
দলের মতো দিনটি বাজে কাটে মোহামেদ সালাহর। গোলের খুব ভালো কিছু সুযোগ হাতছাড়া করেন তিনি। ব্যর্থ হন পেনাল্টিতেও।
প্রতিপক্ষের মাঠে প্রথম ভালো সুযোগটাও পান সালাহ। চতুর্দশ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে বাঁকানো শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। তিন মিনিট পর হায়ান শেহকির শট ফেরান লিভারপুল গোলরক্ষক। ২৭তম মিনিটে রদ্রির ভুলে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান উগো একিটিকে। কিন্তু ক্রসবারের ওপর দিয়ে শট নিয়ে হতাশ করেন তিনি।
৩৯তম মিনিটে সফল স্পট কিকে সিটিকে এগিয়ে নেন হলান্ড। নিকো ও’রাইলিকে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক ফাউল করায় পেনাল্টি পায় সিটি। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। বাইলাইন থেকে সেমেনিয়োর চমৎকার কাটব্যাকে নিজের উচ্চতা কাজে লাগিয়ে দারুণ হেডে কাছের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন হলান্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোরলাইন ৩-০ করেন সেমেনিও। ৫০তম মিনিটে শেহকির থ্রু বল ধরে চিপ শটে অনায়াসে জাল খুঁজে নেন তিনি। দুই মিনিট পর আরেকটি দারুণ সুযোগ পান সালাহ। তার শট কোনোমতে ফেরান সিটি গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। আলগা বল সিটির এক খেলোয়াড়ের পায়ে লেগে যাওয়ায় বিপদ ঘটেনি।
৫৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হলান্ড। ও’রাইলির দারুণ কাট ব্যাক পেয়ে প্রথম স্পর্শে ঠিকানা খুঁজে নেন তিনি। কিছুই করার ছিল না গোলরক্ষকের।
লিভারপুলের বিপক্ষে সিটির কোনো খেলোয়াড়ের এটাই দ্রুততম হ্যাটট্রিক।
৬৪তম মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সালাহ। তার স্পট কিক বাম দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক। একিটিকেকে সিটির মাথেউস নুনেস ফাউল করায় পেনাল্টিটি পায় লিভারপুল।
এরপর আর গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি সিটি। ব্যবধান কমানোর দুটি সুযোগ পায় লিভারপুল, কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। ৭৫তম মিনিটে আলেক্সিস মাক আলিস্তেরের শট ঠেকান ট্র্যাফোর্ড। ৮১তম মিনিটে তিনি ব্যর্থ করে দেন হোডি হাকপোর হেড।
স্পোর্টস ডেস্ক 
























