নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিট সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর খবরটি জানিয়েছেন।
দিলারা হাফিজের মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা হবে। এরপর যোহরের নামাজের পর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
মিসেস দিলারা হাফিজের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিপ হুইপ নুরুল ইসলাম মনি।
উল্লেখ্য, অনেকদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিসেস দিলারা হাফিজ। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিজস্ব প্রতিবেদক 




















