নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে স্কুল চলার সময় রাজধানীতে কীভাবে যানজট নিরসন করা যায়, তার উপায় খুঁজতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী তাদের এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, রাজধানীর সড়কে যানজট পরিস্থিতি এবং বিশেষ করে স্কুল শুরুর ও ছুটির সময়ে সৃষ্ট স্থবিরতা নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন।
বৈঠকে যানজটের অন্যতম কারণ হিসেবে স্কুলগুলোতে ব্যক্তিগত গাড়ির অত্যধিক ব্যবহারের বিষয়টি উঠে আসে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, একটি উদাহরণ দিয়ে দেখা গেছে, রাজধানীর কোনো কোনো স্কুলে মাত্র ১৫০ জন শিক্ষার্থীর বিপরীতে ১০০টি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়।
প্রধানমন্ত্রী এই সমস্যাটি গুরুত্ব সহকারে ‘অ্যাড্রেস’ বা সমাধান করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থার বাইরে আর কী কী বিকল্প গ্রহণ করলে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন হবে এবং সড়কে গাড়ির চাপ কমবে, সে বিষয়ে একটি বিস্তারিত প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে হবে।
রুমন বলেন, উদাহরণ হিসেবে দেখা গেছে, রাজধানীর একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীর জন্য একশ গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বেগ পেতে হয়। এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে মাননীয় প্রধানমন্ত্রী বিকল্প খুঁজতে মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।
শিক্ষামন্ত্রীর পরে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। পরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
নিজস্ব প্রতিবেদক 




















