সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগীর দাবি, নির্বাচনে বিজয়ী হয়েই এ হামলা চালানো হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কাদের খন্দকার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল আলিম সরদার।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। পরদিন শুক্রবার ভোরে পূর্বশত্রুতার জেরে উপজেলার গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ওসি সাকিউল আযম বলেন, যুবদল নেতা আব্দুল লতিফ ১০/১২জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 























