নিজস্ব প্রতিবেদক :
দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতেতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতা বহির্ভূত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
জানতে চাইলে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, এ সিদ্ধান্তে কতটা বিদ্যুৎ সাশ্রয় হবে, তার নির্দিষ্ট কোনো হিসাব তারা এখনো করেননি। এটার কোনো হিসাব এখনো করি নাই। আমরা তো আসলে করোনাভাইরাসের সময় এরকম অবস্থায় রাত ৮টা পর্যন্ত দোকান বন্ধ রাখছিলাম। এখন আমরা চিন্তা করলাম, আগের যে পর্যায়টা ছিল, আমরা ওই জায়গায় থাকতে চাই।
টিপু বলেন, আগে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়মে ব্যবসায়ীরা অভ্যস্ত ছিলেন। আগেও আমরা ৮টা পর্যন্ত ছিলাম; এজন্য যারা দোকান ব্যবসায়ী আছে, তাদের কোনো সমস্যা হওয়ার কারণ না।
সরকার থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি জানিয়ে তিনি বলেন, এটি ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ।
নিজস্ব প্রতিবেদক 




















