নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
রিয়াজ হোসেন বলেন, দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে এসেছে। আবেদনে উল্লেখ করা হয়, তিনি বর্তমানে দেশে অবস্থান করলেও যেকোনো সময় বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন।
উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন আদালতে দাখিল করা আবেদনে তার এনআইডি ও পাসপোর্টসংক্রান্ত তথ্য উপস্থাপন করেন এবং অনুসন্ধান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
নিজস্ব প্রতিবেদক 



















