নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। সকলে যেন সামর্থ্য অনুযায়ী নয় প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা পায় সে বিষয়টি নিশ্চিত করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পত্নী ডাক্তার জুবাইদা রহমান।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে আর নয় সর্বশান্ত হওয়া। দেশের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হবে। দেশের প্রতিটি মানুষ তার প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাবেন, সামার্থ্য অনুযায়ী নয়।
তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূলভিত্তি ও স্তম্ভ হিসেবে গড়ে তোলা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ২৪ ঘণ্টা এ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলো মা ও শিশুদের স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
ডা জুবাইদা বলেন, স্বাস্থ্যকর্মীদের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা হবে। মেডিক্যাল শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে। চিকিৎসা বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলা-উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলকেই যথাসময়ে অফিসে আসতে হবে।
তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলো দালাল মুক্ত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলো চিকিৎসকসহ কর্মরত অনেকেই যথাসময়ে আসেন না বা অনুপস্থিত থাকেন এই অবস্থার অবশ্যই পরিবর্তন ঘটাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন অল রশীদ। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সিনিয়র চিকিৎসকবৃন্দসহ ড্যাবের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুস্থ শিশুদের মাঝে, জুলাই গণঅভ্যুানে আহত জুলাই যোদ্ধা, বিগত ১৭ বছরে যারা গুম, খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 



















