কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
ঢাকা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ আহত হয়েছেন। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ফেরার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় আতিকুর রহমান মুজাহিদ আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এমপি ড. আতিক মুজাহিদের সহকারী আকরাম হোসাইন বলেন, আতিক মুজাহিদ ভাইকে সঙ্গে নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হই। ভোরে কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বেপরোয়া ট্রাক লেন পরিবর্তন করে আমাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি।
তবে এ বিষয়ে জানতে এমপি আতিক মুজাহিদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ট্রাকটি ঘটনাস্থল এলাকায় রাখা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি 




















