মিরসরাই উপজেলা প্রতিনিধি :
কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর নুরুল আমিনকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।
সংসদ সদস্য নুরুল আমিনের গাড়ি চালক মনির হোসেন জানান, এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে এমপি নুরুল আমিন আহত হয়েছেন।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছে।
বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, বেলা ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। আমাদের চিকিৎসকরা তাকে প্রাথমিক সেবা দিয়েছেন। তার মুখ, মাথা ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে।
মিরসরাই উপজেলা প্রতিনিধি 






















