নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষ্যে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।
শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন সংগ্রহের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি অফিসিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী যে আমি চূড়ান্তভাবে মনোনীত হব।’
জানা গেছে, তার বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি
এর আগে, ২০২৪ সালের আগস্টে শাহবাগ এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি।
এ ছাড়াও, তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। গানটির শিরোনাম ‘ইচ্ছেরা’ (বাংলা সংস্করণ) ও হিন্দি সংস্করণের শিরোনাম ‘বেপানা দিল’। বর্তমানে তিনি অ্যাক্টিভিস্ট ও মডেল উভয় পরিচয়েই পরিচিত।
নিজস্ব প্রতিবেদক 























