স্পোর্টস ডেস্ক :
নারী এশিয়া কাপ রাইজিংস স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী এ দলের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ নারী এ দল। তবে মিডল অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। অল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করেছেন টাইগ্রেসরা। তাতে ৪ রানের জয় দিয়ে উদীয়মান নারী এশিয়া কাপে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ
শনিবার (১৪ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা করে দারুণ। ম্যাচের প্রথম বলে বাউন্ডারিতে শুরু করেন ইশমা তানজিম। অভিজ্ঞ শামীমা সুলতানা ঝড় তুলতে না পারলেও উইকেটে টিকে থাকেন। পাওয়ার প্লেতে ৪৮ রান তোলে বাংলাদেশ।
৩৮ বছর ছুঁইছুঁই শামীমা আউট হন ১৯ বলে ১৭ রান করে। পাওয়ার প্লে শেষে রানের গতিও থমকে যায়। ২৫ বলে ৩০ রান করে বিদায় নেন ইশমা।
এরপর রুবাইয়া হায়দারকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন শারমিন সুলতানা। তবে দীর্ঘায়িত হয়নি সেই চেষ্টা। ২০ বল খেলে ১১ রানে আউট জন রুবাইয়া। আগ্রাসী তাজ নেহার বিদায় নেন দুই বল খেলেই।
শারমিন এরপর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক ফাহিমা খাতুনকে সঙ্গে নিয়ে। ২৭ বলে ২৯ রান করে শারমিন আউট হওয়ার পর ইনিংসে নামে মহাধস। অবিশ্বাস্যভাবে ১১ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ।
রান তাড়ায় শুরুটা ভালো হয় শ্রীলঙ্কারও। প্রথম ৮ ওভারে ২ উইকেট হারালেও ৪৭ রান করে দলকে জয়ের পথেই রেখেছিলেন হানসিমা করুনারত্নে। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোই কাল হয়ে দাঁড়ায় লঙ্কানদের জন্য। ৫২ রানে তৃতীয় উইকেট হারানোর পর মাত্র ১৩ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় তারা।
নিশানসালাকে নিয়ে ষষ্ঠ উইকেটে হাল ধরেন আমা কাঞ্চনা। এই দুজন মিলে ৩০ রানের জুটি গড়েন। জয়ের জন্য শেষ ২ ওভারে ২১ রান দরকার ছিল শ্রীলঙ্কার। তবে ১৬ রানের বেশি করতে পারেনি দলটি।
বাংলাদেশের বোলারদের মধ্যে সানজিদা আক্তার মেঘলা ৩ উইকেট নিয়ে সেরা পারফর্মার হন। ফাহিমা খাতুন ও লতা মন্ডল দুজনই ২টি করে উইকেট শিকার করেন। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বাঁহাতি স্পিনার মেঘলা।
বাংলাদেশের পরের ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে সোমবার।
স্পোর্টস ডেস্ক 
























