নীলফামারী জেলা প্রতিনিধি :
জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এটা সত্য যে একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে। কিন্তু আমি যত দূর জানি অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু সংখ্যক এখনও আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি, এটা আমরা মনে করি না। অস্ত্র উদ্ধার এখনও অব্যাহত আছে।’
শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পোস্টাল ভোট প্রসঙ্গে আব্দুর রহমানেল বলেন, ‘প্রবাসী ভোটের ক্ষেত্রে আমরা শতভাগ সতর্ক আছি। এ ক্ষেত্রে আমরা এক পারসেন্টও কারও সঙ্গে আপস করবো না। যদি এতে আমাদের ভোট নষ্ট হয় হোক, কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসুক, এই ধরনের কোনও পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করা হবে না। সে বিষয়ে আমরা সতর্ক আছি। এটার সুষ্ঠুতার বিষয়ে আমরা একবিন্দুও আপস করবো না।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান। বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির প্রমুখ।
নীলফামারী জেলা প্রতিনিধি 






















