নিজস্ব প্রতিবেদক :
রাজধানী দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ রিকশা আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
কয়েকজন পথচারী জানান, রাতে উল্টোদিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ব্যাটারিচালিত একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খাইরুল নামে দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় তিনি কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ উল্টো পথ দিয়ে একটি ট্রাককে বেপরোয়া গতিতে আসতে দেখেন। এর কয়েক সেকেন্ড পরই সামনে থাকা একটি অটোরিকশার ওপর ট্রাকটি উঠিয়ে দেয়। তখন সবাই দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এদিকে, যাত্রী ও রিকশাচালক ফিরোজ আহমেদকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মো. খাইরুল জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন তিনি। তখন দেখেন, উল্টো পথে বেপরোয়া গতির একটি ট্রাক চলছিল। এর অল্প কিছুক্ষণ পরই একটি অটোরিকশার ওপর দিয়ে উঠিয়ে দেয় একটি ট্রাক। সঙ্গে সঙ্গে ট্রাকের নিচ থেকে দুজনকে উদ্ধার এবং ট্রাকচালককে আটক করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশার চালক ও যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিকশাচালকের পরিচয় জানা গেলেও যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তবে ওই আরোহীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক 























