সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক তরুণ (২৬) নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে লিংকরোড দিয়ে চলাচলের সময় একটি অটোরিকশার গতিরোধ করে ছিনতাই করছিলো মোটরসাইকেল যোগে আসা তিন ছিনতাইকারী। এ সময় পাশ দিয়ে ছয়যাত্রী নিয়ে অন্য একটি অটোরিকশা যাচ্ছিল। যাত্রীরা ছিনতাইয়ের ঘটনাটি দেখে ফেলে। তাদের চিৎকারে পথচারী ও লোকজন এগিয়ে আসে। এ সময় দৌঁড়ে পালাতে গিয়ে একজনকে ধরে ফেলে উপস্থিত লোকজন। অন্য দুইজন পালিয়ে যায়। ক্ষুব্ধ পথচারীদের গণপিটুনিতে আটক ছিনতাইকারীর মৃত্যু হয়। এছাড়া উত্তেজিত জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেলে আগুন দেয়। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে বলে জানা গেছে। এদিকে অপর দুই ছিনতাইকারী দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি উপস্থিত হয়ে লাশ ও পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল পুলিশ উদ্ধার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, তিনজন ছিনতাইকারী ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেছিল। চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 























