নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আগামী দুই মাসে ১ হাজার ১০০টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিখিল রবিশঙ্কর জানান, তাদের মোট ফ্লাইটের প্রায় ৫ শতাংশ বাতিল করা হবে। এতে প্রায় ৪৪ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের বেশিরভাগই নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ রুটের। তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। অবশ্য নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ফ্লাইটগুলো এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। কারণ, ইউরোপে যাওয়ার বিকল্প রুট হিসেবে এ পথে চাহিদা বেড়েছে।
নিখিল রবিশঙ্কর বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জেট ফুয়েলের (বিমানের জ্বালানি) দামে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। এ অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা তাদের ভাড়া ও ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনছে।
নিজস্ব প্রতিবেদক 























