স্পোর্টস ডেস্ক :
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু। এ ছাড়া ১৬ পরিচালকও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
শুক্রবার (৬ মার্চ) অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ ক্লাবের পরিচালনা পর্ষদের ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মোহামেডানের নির্বাচনে সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনজন। তাদর মধ্যে দুজন সরকারদলীয় এমপি জয়নুল আবেদীন ফারুক ও সাবেক হকি খেলোয়াড় সাজেদ এএ আদেল নির্বাচন থেকে সরে দাঁড়ান।
নির্বাচন কমিশনার আনোয়ারুল হক হেলাল বলেন, সভাপতি পদের তিনজন প্রার্থীর মধ্যে দুজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া, পরিচালক পদের ২৮ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জন সরে দাঁড়িয়েছেন। তাই সভাপতি পদে একজন ও পরিচালক পদে ১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
হেলাল আরও জানান, আগামী ৯ মার্চ ঐতিহ্যবাহী এই ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
সভাপতি পদে বুলুর পাশাপাশি লড়াইয়ে ছিলেন বিএনপি দলীয় আরেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক ও সাবেক হকি খেলোয়াড় সাজেদ এএ আদেল।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালনা পর্ষদ:
সভাপতি : বরকতউল্লাহ বুলু
পরিচালক: লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এমএ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।
স্পোর্টস ডেস্ক 
























