নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বন্যরা যেমন বনে সুন্দর, খুনি তারেক তেমন কারাগারে সুন্দর।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে সভাপতির বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
মঞ্চে উপস্থিত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ছাত্রলীগ সভাপতি বলেন, টিউশনির টাকা বাচিয়ে, টিফিনের টাকা বাচিয়ে অনেক নেতাকর্মী এই সমাবেশে এসেছে। আমরা কিছু চাই না, নেত্রী আপনার ভালোবাসা ছাড়া।
সাদ্দাম হোসেন বলেন, নো কম্প্রোমাইজ উইথ কিলারস। খুনিদের সাথে ছাত্রসমাজ কোনো আপস করবে না।
বঙ্গবন্ধুর কারাভোগের কথা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের চার ভাগের একভাগ কারাভোগ করেছেন। যার সুফল পাচ্ছে এবং পাবে বাংলার জনগণ। যারা অসৎ উদ্দেশ্যে ইতিহাস লেখে, তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মত্যাগকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে।
এ সময় মিলিটারি ডিক্টেটরসদের কোনো পোস্টার নয় বলেও মন্তব্য করেন ছাত্রলীগ সভাপতি। সেই সঙ্গে পূর্বের মতো ছাত্রলীগ লড়াই চালিয়ে যাবে বলেও জানান।
দেশের শান্তিপূর্ণ রাজনীতিকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন তাদের উদ্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, দেশের শান্তিপূর্ণ রাজনীতিকে যারা অস্থিতিশীল করার জন্য পাগল হয়ে উঠেছেন, তাদের বলে দিচ্ছি কোথায় পাগলা মলম দিতে হবে, ছাত্রলীগ জানে।
শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, দেশের উন্নয়নের ধারা রক্ষা করতে এ সরকারের বিকল্প নেই। আমরা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় অনতে চাই।
ইনান বলেন, দেশকে অস্থিতিশীল করতে তারেক রহমান বিদেশে বসে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে প্রতিহত করতে ছাত্রলীগ সচেষ্ট। তার কোনো অপচেষ্টাই ছাত্রলীগ সফল হতে দেবে না।
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় তাকে স্বাগত জানান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা। সেখানে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা মঞ্চে আসনগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক 
























