নিজস্ব প্রতিবেদক :
পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়ায় যাওয়ার কথা ছিল। তবে উপ-নির্বাচনকে সামনে রেখে সফরটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পৌনে ১টায় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে ফ্যামিলি কার্ড সংশ্লিষ্ট কার্যক্রম চলমান রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন।
বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, যেহেতু বগুড়া সদর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হলে নির্বাচনী বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে।
প্রধানমন্ত্রী নিয়মের মধ্যে থাকতে চান বলেই সফর স্থগিত করেছেন। ফ্যামিলি কার্ড বিষয়ে জেলা প্রশাসন ভালো বলতে পারবেন।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম গত ২৭ ফেব্রুয়ারি এলাকায় সফরকালে বলেছিলেন, বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়া সফরে আসবেন।
তিনি আরও বলেছিলেন, কর্মসূচির তারিখ চূড়ান্ত নয়।
বিএনপি থেকে দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে প্রার্থী করা হয়েছে। এদিকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২ মার্চ দুপুরে বিএনপির রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর থেকে শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল-আমিন তালুকদার প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর রেজাউল করিম বাদশা বলেন, যেহেতু বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পালন করলে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠতে পারে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মের মধ্যে থাকতে চান বলেই তার এ সফর স্থগিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক 

















