বগুড়া জেলা প্রতিনিধি :
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কিছু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বগিচ্যুত ট্রেনটি লাইন থেকে ছিটকে গেছে। রেললাইনের স্লিপার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। লাইনচ্যুত বগি অপসারণে বেশ সময় লাগবে বলে স্থানীয়রা জানান।
সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, এখানে রেলের কাজ চলছিল। লাল ফ্ল্যাগ দেওয়া হয়েছিল। কিন্তু দ্রুতগতিতে ট্রেনটি আসায় এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় ছাদ থেকে লাফ দিয়ে অনেকেই আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আহত অবস্থায় ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।
অন্যদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
বগুড়া জেলা প্রতিনিধি 


















