নিজস্ব প্রতিবেদক :
পাঁচ দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা। যা আজকেও ছিল এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (১৩ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৫ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯১ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ গত ৭ নভেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে ৮ নভেম্বর থেকে।
এখন সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬ টাকা কমিয়ে ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৭ টাকা কমিয়ে ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫ টাকা কমিয়ে ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৪ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৮ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ব বাজারেও কমেছে সোনার দাম। সোনার আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রতি আউন্স (এক আউন্স = ২৮ দশমিক ৩৫ গ্রাম) সোনা বিক্রি হয়েছে ২ হাজার ৫৯৭ দশমিক ৯১ ডলার বা ৩ লাখ ১০ হাজার ৮০৯ টাকায়।
সোনার বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শতকরা হিসেবে সোনার দাম কমেছে দশমিক ৯ শতাংশ এবং গত ২০ সেপ্টেম্বরের পর মঙ্গলবার (১২ নভেম্বর) প্রথম এই দরে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।
নিজস্ব প্রতিবেদক 























