ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে চাঁদার টাকা না পেয়ে বিকাশ পরিবহনের বাস কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার নাজির বিশ্বাসকে (৪৫) দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও মাথা ফাটিয়ে গুরুতর জখম করেছেন তারা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের পৌর বাস টার্মিনালে বিকাশ পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ জন অংশ নেয় এবং প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র, রামদা ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী।
আহত নাজির বিশ্বাস নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি তিনজন হামলাকারিকে চিনতে পেরেছেন বলে জানান। তাদের মধ্যে রয়েছে- ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মিলন মিয়া, সবুজ হোসেন ও প্রিন্স মাহমুদ নামে তিন যুবক।
বিকাশ পরিবহন কাউন্টারের ম্যানেজার আহত নাজির বিশ্বাস জানান, বিকাশ পরিবহনের মালিক মারা যাওয়ার পর গত তিন বছর ধরে তিনিই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। প্রতিদিন দূরপাল্লায় ১২টি ট্রিপ পরিচালিত হয়। গত দেড় মাস ধরে কয়েকজন যুবক প্রতিটি ট্রিপ থেকে আটটি সিট এবং প্রতি সিটের বিপরীতে ১০০ টাকা দাবি করে আসছিলেন। তিনি এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ সকালে এসে প্রতি গাড়িতে আটটি সিট না দিলে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে অতর্কিত হামলা চালান।
তিনি বলেন, লোহার রড দিয়ে আমাকে মারধর করা হয়। একজন রামদা দিয়ে কোপ দিতে গেলে হাত দিয়ে ঠেকাই। এসময় অন্তত পাঁচজন দুর্বৃত্ত হামলায় অংশ নেয়। তাদের হাতে রামদা ও লোহার দণ্ড ছিল।
মিলন, সবুজ ও প্রিন্স নামের তিনজনকে শনাক্ত করতে পেরেছেন বলেও জানান হামলার শিকার নাজির বিশ্বাস।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর জেলা প্রতিনিধি 























