নিজস্ব প্রতিবেদক :
দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীসহ ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড প্রদান–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এ কমিটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবেরা সদস্য হিসেবে রয়েছেন। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সচিবালয় সহায়তা দেবে।
দেশের আট বিভাগের আট উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কোন কোন উপজেলায় এ কার্যক্রম শুরু হবে, তা এখনো নির্ধারণ হয়নি।
সরকার জানায়, প্রথম পর্যায়ে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলো এ কার্ড পাবে। সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও সমন্বিত ও লক্ষ্যভিত্তিক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব এবং সাতটি মন্ত্রণালয়ের সচিব।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থাপনার উপযুক্ত নকশা প্রণয়ন ও সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি চূড়ান্ত করা হবে। প্রাথমিক পর্যায়ে আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় কার্ড চালুর ব্যবস্থা নেওয়া হবে। নারীদের জন্য বিদ্যমান কোনো কার্ডকে ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না, তা পর্যালোচনা করা হবে। পাশাপাশি সুবিধাভোগীদের ডাটাবেজ প্রণয়নে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের আওতায় প্রয়োজনীয় ডিজিটাল এমআইএস প্রস্তুতের কথাও উল্লেখ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















