নিজস্ব প্রতিবেদক :
গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। আজকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার তার সব প্রতিশ্রুতি আস্তে আস্তে বাস্তবায়ন করবে।
শনিবার (১৪ মার্চ) গণধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামপুরা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নুরুল হক এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেসব এলাকায় সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে উঠেছিল, তার মধ্যে রামপুরা অন্যতম। বাড্ডা ও রামপুরা এলাকায় সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে। সেই আন্দোলনে ছাত্র-জনতার বিজয় হয়েছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সে জন্য রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। ক্ষমতায় গেলে যেন কেউ মানুষের ওপর জুলুম না করে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী কেবিনেট গঠনের প্রথম দিন থেকেই সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব তাদেরই।
অনুষ্ঠানে দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আমরা চাই সরকার দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতে দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি আলমগীর অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান, ফারজানা কিবরিয়া, আব্দুল্লাহ মাহমুদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সবুজ, যুব অধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজসহ অন্যান্য নেতারা।
নিজস্ব প্রতিবেদক 



















