নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) পদে দুজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন তারেক রহমান। এ ছাড়া প্রধানমন্ত্রীর একজন প্রটোকল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে নিজের একান্ত সচিব-১ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে সহকারী একান্ত সচিব-১ পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ পদে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
তারেক রহমান যত দিন প্রধানমন্ত্রীর পদে থাকবেন কিংবা ওই তিনজনকে ওই সব পদে রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন পর্যন্ত এসব নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করেছে বিএনপি। ৫০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মাধ্যমে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
নিজস্ব প্রতিবেদক 



















