স্পোর্টস ডেস্ক :
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবারের আয়োজন একেবারে অনন্য। ৪৮টি দল নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ১২টি গ্রুপে বিভক্ত হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ড্র-এর পর গ্রুপগুলো চূড়ান্ত হয়েছে। খেলা শুরু হবে আগামী জুনে, আর এখন থেকেই শুরু হয়েছে গ্রুপ-মৃত্যু নিয়ে আলোচনা, হোস্টদের সম্ভাবনা এবং ফেভারিটদের লড়াইয়ের হিসাব-নিকাশ।
ড্র-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তিন হোস্ট দেশ আলাদা আলাদা গ্রুপে পড়েছে। মেক্সিকো গ্রুপ ‘এ’-তে, কানাডা গ্রুপ ‘বি’-তে এবং যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’-তে। এছাড়া আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ব্রাজিলের মতো হেভিওয়েট দলগুলোর গ্রুপও এখন পরিষ্কার।
এবারের ফরম্যাটে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি নক-আউটে উঠবে। এছাড়া তৃতীয় স্থানের সেরা চারটি দলও যোগ দেবে ৩২ দলের রাউন্ডে। ফলে প্রতিটি ম্যাচই এখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্র শেষে মনে করা হচ্ছে, গ্রুপ ‘এইচ’ এবং ‘আই’ হতে পারে সবচেয়ে কঠিন।
অন্যদিকে গ্রুপ ‘এ’ এবং ‘বি’ তুলনামূলকভাবে সহজ হতে পারে হোস্টদের জন্য। এখন পর্যন্ত যোগ্যতা অর্জনকারী সব দলই গ্রুপে নিশ্চিত অবস্থান পেয়েছে। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, কনমেবল, কনকাকাফ সব মহাদেশ থেকে দল এসেছে। ইরাক, ডিআর কঙ্গোসহ কয়েকটি দল প্লে-অফ জিতে প্রথমবার বা দীর্ঘদিন পর বিশ্বকাপে।
বুধবার (১ এপ্রিল) বিশ্বকাপ বাছাইপর্বের আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলে জিতে ৪৭তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। সবশেষ স্পটের জন্য বাংলাদেশ সময় বুধবার (১ এপ্রিল) সকাল ৯টায় লড়াইয়ে নামে ইরাক ও বলিভিয়া। মেক্সিকোর মন্টেরি শহরের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ইরাক।
এর আগে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ ফাইনাল শেষে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা।
২০২৬ সালের টুর্নামেন্ট দিয়ে ফিফা বিশ্বকাপে অভিষেক হবে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দের। এ ছাড়া ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে হাইতি ও কঙ্গো। আর ৪০ বছর বিরতি দিয়ে ফিরছে ইরাক।
একনজরে দেখুন ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২ গ্রুপের পূর্ণ তালিকা
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
গ্রুপ বি : কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
গ্রুপ ই : জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন
গ্রুপ জি : বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
গ্রুপ জে : আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডি.আর. কঙ্গো
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
মরক্কোর বিপক্ষে আগামী ১৩ জুনের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। আর ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর সঙ্গে সহ-আয়োজক দেশ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপের।
স্পোর্টস ডেস্ক 























