পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
গরু চুরির অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণপিটুনিতে রমিজ উদ্দীন নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যাক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার (৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ চরটেকী গ্রাম থেকে শাকিল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শাকিল ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। তাকে শনিবার (৭ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) ভোর রাতে এক ব্যাক্তি একটি ষাঁড়গরু নিয়ে উপজেলার পুরাতন বহ্মপুত্র নদের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। সেখানে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য সিসি ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হয়। তারা গরুসহ ওই ব্যাক্তিকে আটক করে। তাদের ডাক চিৎকারে এলাকাবাসি ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ওই ব্যাক্তিকে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের বাবা হযরত আলী বাদি হয়ে শুক্রবার রাতেই অজ্ঞাত পরিচয় ব্যাক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, এ ধরনের সহিংস ও মর্মান্তিক ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধ পরিকর। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি 





















