নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উভয়পক্ষের আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বৈঠক শেষে ড. আব্দুল মঈন খান সংবাদিকদদের এই কথা জানান।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার নয়, দুদেশ ও দেশে জনগণের সম্পর্ক জোরদারের বিষয়ও এসেছে আলোচনায়।
আবদুল মঈন খান বলেন, এটা তো বলার অপেক্ষা রাখে না, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার এসেছে। কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে, বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে এসেছি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সঙ্গে আলোচনা করেছে, কী আলোচনা করেছে সেটা হয়ত সরকার আপনাদেরকে জানিয়েছে এবং তারাও জানাবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ সরকারের নীতিমালার বিষয়গুলো।
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ তথা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
























