গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ীতে জ্বালানি তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। রেজওয়ান পলাশবাড়ী পৌরশহরেরর মহেশপুর গ্রামের আজাহারের ছেলে।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশিদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত তিনজনের মধ্যে একজনকে রংপুরে পাঠানো হয়েছে। দুইজনকে পলাশবাড়ীতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেশনটিতে সকাল থেকে তেল দেওয়া হচ্ছিল। এর মধ্যেই দুপুর পৌঁনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে রেজওয়ানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে কাওসার, জাহিদ ও সিহাবকে আঘাত করলে তারা আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিলিং স্টেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের চিকিৎসা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং তেল সরবরাহ চলমান রয়েছে।
গাইবান্ধা জেলা প্রতিনিধি 






















