ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে নৌবাহিনীর এক কর্মকর্তার প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দেড় বছরের শিশু মেহেরিমা নিহত হয়েছে। এ সময় গাড়িতে থাকা নৌবাহিনীর কর্মকর্তা দম্পতি আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বাগড়ি বাজার এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে ব্র্যাক অফিস-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশালে নৌবাহিনীতে কর্মরত। তিনি নিজেই প্রাইভেট কার চালিয়ে মোংলা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথে রাজাপুর উপজেলার বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় গাড়িতে থাকা তাঁর দেড় বছর বয়সী শিশু মেহেরিমা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আশা।
এ ঘটনায় লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তাঁর স্ত্রী রুমানা আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খুলনা-বরিশাল মহাসড়কের বাগড়ি বাজার এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা এক শিশু মারা গেছে এবং দুজন আহত হয়েছেন।
ঝালকাঠি জেলা প্রতিনিধি 
























