ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার। আমরা ৫২, ৭১ ও ২৪ কে ধারণ করে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের শক্তি দিক।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন। আমি চির ঋণী, আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। খুব শিগগিরই ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা হবে। ইপিজেড ও বিমানবন্দর চালুকরণের কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটা রাষ্ট্র গঠনের শক্তি দিক। ৫২, ৭১, ২৪ কে ধারণ করে এগিয়ে যেতে চাই।
মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের স্বপ্নগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং খুব শিগগিরই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু এবং ইপিজেড (রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে-অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করবার প্রত্যয় নিয়ে আজকে এগিয়ে চলছি। আর আমাদের নেতা তারেক রহমান আমাদের সেই নেতৃত্ব দিচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, আজকে ধর্ম-বর্ণ, গোত্র সব কিছুকে একত্র করে সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে, আমাদেরকে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমরা কোনদিনও হার মানিনি, আমরা হার মানব না। আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের চেতনা, ৯০ এর চেতনা, ৫২ এর চেতনা এবং সবশেষে আমাদের জুলাই যুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের জাতি গঠনে সামনের দিকে এগিয়ে যাব।
ড. মুহম্মদ শহীদ উজ জামান-এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন প্রমুখ।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 



















