নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত আন্দোলনে ভূমিকা ও যোগ্যতা বিবেচনায় নারী আসনে মনোনয়ন দেবে বিএনপি।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতার বিষয়ে গুরুত্বপূর্ণ এসব মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।
এসময় বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে রুহুল কবির রিজভী জানিয়েছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে নির্যাতিত ও ত্যাগী নারী নেত্রীদেরই সংসদের সংরক্ষিত আসনে মূল্যায়ন করবে বিএনপি।
রিজভী বলেন, দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে।
বিএনপির এই মুখপাত্র বলেন, বিরোধী দলে থাকার কারণে বিএনপির নারী নেত্রীদের কারাবরণসহ নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। তাই দলীয় মনোনয়ন বোর্ড সবদিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে—এটাই সবার প্রত্যাশা। একই সঙ্গে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।
মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থীদের বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে বলেও জানান রিজভী। এর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ৩৬টি পাবে বিএনপি ও তাদের মিত্ররা।
এই জোটে রয়েছে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি।
রিজভী বলেন, ‘বিরোধী দলে থাকার কারণে বিএনপির নারী নেত্রীদের কারাবরণসহ নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। তাই দলীয় মনোনয়ন বোর্ড সব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে—এটাই সবার প্রত্যাশা।’ একই সঙ্গে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।
এদিকে সকাল থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী নেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ১২ এপ্রিল ফরম জমা নেওয়ার কাজ শেষ হওয়ার পর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে বিএনপির সংসদীয় বোর্ড।
নিজস্ব প্রতিবেদক 

























