নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে চার বারের সাবেক এই এমপি ভোট বর্জনের ঘোষণা দেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৩টা ২০ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
রেজাউল করিম অভিযোগ করে বলেন, সোনারগাছি সিদ্ধিরগঞ্জ এলাকায় অনেক ভোটকেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেয়নি পুলিশ। ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে ভয় ভীতি দেখিয়ে। এরকম হওয়ার কথা ছিল না। নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছিল, ভোটের মাঠে আমরা সেটি প্রতিফলন দেখিনি। সেনাবাহিনী আসলে ভোটকেন্দ্র থেকে সবাই বেরিয়ে গেছে, আবার সেনাবাহিনী চলে গেলেই এসে ধানের শীষে সিল মারছে।
তিনি বলেন, তারেক রহমান বলেছিলেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কিন্তু সারাদেশে যা হয়েছে নারায়ণগঞ্জে সোনারগাঁয় হয়েছে ব্যতিক্রম। আমি মনে করি একটি সুন্দর নির্বাচন হলে মানুষ তার কাঙ্খিত প্রার্থীকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। তিনি পুনঃনির্বাচন দাবি করে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছি।’ নির্বাচনি পরিবেশ অশান্ত বলে দাবি করে তিনি।
প্রসঙ্গত, এই আসনে বিএনপি দলীয় প্রার্থী রয়েছেন আজহারুল ইসলাম মান্নান।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি 






















