নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বুধবার (১ মার্চ) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মেসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি জানান, গতকাল রাতে পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চালকদের তেল নিতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে তেল বিক্রি ও ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল পাম্প কর্মীদের। এরই মধ্যে হঠাৎ বোরকা পরা এক ব্যক্তি তেল নিতে এলে সাধারণ মানুষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি ধরে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই ওই যুবককে সেখান থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয়।
অভি আরও জানান, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। নারীদের অগ্রাধিকার ভিত্তিতে আগে তেল দেওয়া হয়, সম্ভবত সেই সুযোগ নিতেই ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন।
নওগাঁ জেলা প্রতিনিধি 





















