কুমিল্লা জেলা প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ আসনের ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ধানের শীষ জিতে গেলে প্রকৃত অর্থে জনগণই জিতে যাবে। আগামী উন্নয়নের স্বপ্নসারথি তারেক রহমান এই দেশের মানুষের কল্যাণে তার স্বপ্নময় ভাবনাগুলো বাস্তবে রূপ দেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৬ বছরে অনুষ্ঠিত জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে জনগণের অংশগ্রহণ ছিল না। ফলে মানুষের আশা-ভরসার প্রতিফলন ঘটেনি। বর্তমান বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপির প্রার্থীকেই নির্বাচিত করবে।
মোশাররফ হোসেন বলেন, ধানের শীষে ভোট দিয়ে জনগণ কখনো প্রতারিত হয়নি, ভবিষ্যতেও হবে না। বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল। মানুষ বিএনপির ওপরই বেশি ভরসা করে। কারণ এই দলটির বিগত দিনের কর্মকাণ্ড মানুষের ভালোবাসায় সমৃদ্ধ। একটি উন্নত-সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ গড়তে হলে ধানের শীষকেই বিজয়ী করুন।
পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। পথসভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব আবুল হাশেম চেয়ারম্যান, বিএনপি নেতা এম এ লতিফ ভূইয়া, জসিমউদ্দিন আহমেদ, এনামুল হক সফর তালুকদার, সাবেক ইউপি মাজহারুল হক মানিক, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
কুমিল্লা জেলা প্রতিনিধি 





















