নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভোট দাঁড়িয়েছে প্রায় পৌনে চার কেটি; যা প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। আর বাংলাদেশ জামায়াত ইসলামী এ যাবৎ ভোট ও আসনের রেকর্ড গড়েছে; এবার দাঁড়িপাল্লা পেয়েছে সোয়া দুই কোটির বেশি ভোট, যা ৩১ দশমিক ৭৬ শতাংশ। ৬৮টি আসন পেয়ে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে। ইতোমধ্যে বিএনপি জোট ২১২ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।নির্বাচনে এনসিপি থেকে ৩২ প্রার্থী ভোটের মাঠে লড়াই করেছে। এর মধ্যে ছয়জন প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দলটির প্রার্থীরা এ নির্বাচনে মোট ২৩ লাখ ৬৫ হাজার ৫০১ ভোট পেয়েছেন, যা মোট ভোটের প্রায় ৩ দশমিক ০৫ শতাংশ।
এনসিপি থেকে যে ছয়জন প্রার্থী বিজয়ী হয়েছেন- ঢাকা-৯ আসনে নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন এবং কুড়িগ্রাম-২ আসনে আতিক মোজাহিদ।
এনসিপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আতিক মোজাহিদ। তিনি ওই আসনে ১ লাখ ৭৩ হাজার ৩২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া সর্বনিম্ন ভোট পেয়েছেন চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ। তিনি ৩ হাজার ৩৪১ ভোট পেয়েছেন।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তার আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে জিতেছেন দুই হাজার ৩৯ ভোট বেশি পেয়ে। সদস্য সচিব আখতার হোসেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার চেয়ে ৯ হাজারের বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন। নির্বাচনী প্রচারের সময় সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যসহ বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা-৮ আসন। প্রচারণার ধরন ও প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে নিয়ে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন এই আসনের এনসিপির প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারী। কিন্তু এই আসনে শেষ পর্যন্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।
এনসিপির দুই আলোচিত নেতার একজন সারজিস আলম পঞ্চগড়-১ আসনে হেরে গেলেও কুমিল্লা-৪ আসনে জয়ী হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ এক লাখের বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হলেও সারজিস আলম প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ নাওশাদ জমিরের কাছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করেছে ইসি।
নিজস্ব প্রতিবেদক 


















