রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ জানানো হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী চিঠিতে জানানো হয়, দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে সাময়িক স্থগিত করা হয়েছে। কেন বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাসের রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ মূল নথিপত্র তলব করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিআরটিএ’র মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন।
বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী, ২৫ মার্চ বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্ঘটনা কবলিত বাসটির (রাজবাড়ী-ব-১১-০০২৪ নং) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চিঠি ইস্যু করেন এই কর্মকর্তা।
চিঠিতে বলা হয়, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে গোয়ালন্দের দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে রাজবাড়ী-ব-১১-০০২৪ সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। পরবর্তীতে সবশেষ উদ্ধার অভিযানের তথ্যানুযায়ী ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন যাত্রী আহত হয়েছেন।
চিঠিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ২৪ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর ৪৬ ও ৪৭ বিধি অনুযায়ী রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো এবং মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিআরটির রাজবাড়ী কার্যালয়ে হাজির হয়ে মোটরযানটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এই চিঠি অনুলিপি বিআরটিএর সদর দপ্তর, ঢাকা বিভাগ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২৫ মার্চ বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকাগামী সোহার্দ্য পরিবহনের যাত্রীবাহি বাসটি দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে উল্টেপড়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারী-শিশু ও গাড়ির চালক সহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পৃথক দুইটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রতিনিধি 



















