বিনোদন ডেস্ক :
ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। নিজ দেশে ফিরতে না পারায় নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ‘জান্নাত’ খ্যাত এই অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে সোনাল চৌহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, চলমান সংকটের মধ্যে আমি দুবাইয়ে আটকা পড়েছি। ফ্লাইটগুলো বাতিল হয়েছে, ভারতে ফিরে যাওয়ার স্পষ্ট কোনো উপায় নেই। নিরাপদে দেশে ফেরার জন্য সরকারের দিকনির্দেশনা ও সহায়তা কামনা করছি। ভারত সরকারের পক্ষ থেকে যেকোনো সহায়তা ও নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে নির্দেশনা পেলে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, দুবাই), কাতার, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিকে লক্ষ্য করে হামলা চালায় দেশটি।
ইরানের হামলার পর আন্তর্জাতিক এয়ারলাইনস এই অঞ্চলে ফ্লাইট স্থগিত করে দেয়। এতে করে অনেক যাত্রী আটকা পড়েছেন। তাদেরই একজন সোনাল চৌহান।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় এবং উৎকণ্ঠা।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সোনাল চৌহান বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। বিমানবন্দরে আটকাপড়া যাত্রীরা উদ্বেগের মধ্যে সময় পার করছেন। তারা জানেন না ঠিক কখন পুনরায় ফ্লাইট চালু হবে।
ভারতীয় গণমাধ্যমের খবর, ইরান ও ইরাকের আকাশপথ বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং আকাশপথ নিরাপদ হলে পুনরায় ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছে।
মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তজনা বৃদ্ধির কারণেই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে, যার ফলে দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন।
বলিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন সোনাল চৌহানি। ২০২৪ সালে প্যান ইন্ডিয়ার ‘দরদ’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় তার অভিষেক ঘটে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন সোনাল।
বিনোদন ডেস্ক 























