নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩২ লাখ টাকার সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শনিবার (৪ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭৯৮ কার্টনে ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা, যার মূল্য ৩১ লাখ ৯২ হাজার টাকা।
সেখানে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন এবং ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় আরো ৪৫৮ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ধরনের অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য কার্যক্রমকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 

























