মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (১৪ মার্চ) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। পরে সিংগাইর পৌরসভার আয়োজনে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রত্যেক মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা এবং সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে তাদের প্রাপ্য সেবাটুকু পায়—সেই লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, জনগণের অনুপাতে হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সেবা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই স্বাস্থ্যখাতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে ওষুধ সরবরাহে দুর্নীতি, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার ঠিকমতো না দেওয়া এবং ডাক্তার-নার্সদের সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকার মতো অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাখাওয়াত হোসেন বলেন, গ্রামের সাধারণ মানুষ যাতে উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে জন্য উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম ধীরে ধীরে বাড়ানো হবে।
এ সময় অনুপস্থিত চিকিৎসকদের কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে দায়িত্ব পালনে অবহেলা করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, যারা নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন না বা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি, রোগীদের সেবায় অবহেলা এবং ওষুধ সংকটসহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই তিনি আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন।
তিনি বলেন, গত ২৪ দিনে আমরা দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছি। অনেক জায়গায় গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময়ে চিকিৎসকরা হাসপাতালে উপস্থিত থাকেন না। অথচ সরকার জনগণকে সেবা দেওয়ার জন্যই তাদের নিয়োগ দিয়েছে।
মন্ত্রী আরও বলেন, অনেক চিকিৎসক বিভিন্ন অজুহাতে অন্যত্র সংযুক্ত (অ্যাটাচমেন্ট) হয়ে যান কিংবা ব্যক্তিগত ক্লিনিকে সময় দেন। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরকারি হাসপাতালের আশপাশে দালাল চক্র সক্রিয় থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু দালাল রোগীদের ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এ ধরনের দালালদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় জনগণ, সাংবাদিক এবং প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, শুধু সরকার একা সব কিছু ঠিক করতে পারবে না। স্থানীয় মানুষ যদি কোনো অনিয়ম দেখেন, আমাদের জানাবেন। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে নতুন করে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে মাতৃস্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার; সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন; উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফসান রেজা; থানার ওসি মাজাহারুল ইসলাম; হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি 





















