নিজস্ব প্রতিবেদক :
সপ্তাহের প্রথম কার্যদিবসে এক ব্যতিক্রমী মন্তব্যের মধ্য দিয়ে দিনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় দরজা খুলে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশে তিনি হাসিমুখে বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা তখন প্রস্তুত ছিলেন। দরজা খুলে বের হওয়ার সময় উপস্থিত সবার দিকে তাকিয়ে হাসিমুখে তিনি বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’
তিনি বলেন, হঠাৎ এমন মন্তব্যে উপস্থিতরা কিছুটা বিস্মিত হন। পরে সবাই বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্বকে রূপক অর্থে যুদ্ধের সঙ্গে তুলনা করেই তিনি এ কথা বলেছেন।
আতিকুর রহমান রুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবশে করেন প্রধানমন্ত্রী। আজও সারাদিন বেশ কয়েকটি বৈঠক আছে তার। প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর বৈঠকের কথা রয়েছে। এ ছাড়াও কয়েকটি বৈঠক রয়েছে।
রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের এই কথা বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা কিছুটা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারও বুঝতে বাকি রইল না যে তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ হিসেবে বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ এই মন্তব্যে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথা ফুটে উঠেছে।
নিজস্ব প্রতিবেদক 




















