টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনকল্পে ১০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ঈদে মানুষ যেন সুন্দরভাবে যানজটমুক্ত পরিবেশে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে সেই লক্ষ্যে জেলা পুলিশসহ সবাইকে কাজ করতে হবে। সেই সাথে মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের সম্ভাব্য যানজটের কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে এবার এক হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার আশা প্রকাশ করেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে এ সময় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম ,যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নুসরাত জাহান, টাঙ্গাইল সদর সেনাবাহিনীর ক্যাম্পের মেজর রাজু , টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রবিউল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা বাস মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক ও শ্রমিক সমিতি, উপজেলা সিএনজি শ্রমিক সমিতিসহ মহাসড়ক সংশ্লিষ্ট সকল পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 























