ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতে ইসলামী এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনের দিকে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।
সোমবার (২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জামায়াতের আমির মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি এটা উনি বলে থাকেন, তাহলে এটা অন্যায় করেছেন। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবে না।
মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কী। গার্মেন্টসের মহিলাদের বলেছে, ৫ ঘণ্টার বেশি কাজ করা যাবে না। তারা কাজ না করলে খাবে কী। আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে চাকরি পাবে কোথায়। কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে না— এটা বাটপাড়ি। নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। ইসলাম ধর্মে বলা হয়েছে মেয়েদের যে প্রাপ্য অধিকার, সেটা প্রদান করতে হবে।
তিনি বলেন, জামায়াত মানুষকে বিভ্রান্ত করে বলে—দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি মানুষ বেহেশতে যাবে। এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে।
এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে তিনি বলেন, আমীর যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন যে, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে। তবে তিনি সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান।
নির্বাচনে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, যদি কেউ ধানের শীষের কথা বলতে বাধা দেয় বা হুমকি দেয়, তাহলে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেব। সরকার পরিষ্কারভাবে বলেছে—এই নির্বাচনে কাউকে ভয় দেখানো যাবে না। করলে ক্রিমিনাল অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রীতির ঠাকুরগাঁও গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সনাতনি ও হিন্দু ভাই-বোনসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি মডেল ও সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে চাই। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই একসাথে কাজ করবে।
উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 



















