নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে সরকার গঠনের আগ মুহূর্তে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপি চেয়ারম্যান। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এদিকে বাসায় জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এ সৌজন্য সাক্ষাতের বিষয়ে বিএনপির ফেইসবুক পেইজে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে জামায়াত আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান।
বিএনপি নেতারা বলেন, দলের একাধিক জ্যেষ্ঠ নেতার পরামর্শে তারেক এবারের ভোটে মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত আমিরের বাসায় গেছেন।
অপরদিকে এ সাক্ষাতের বিষয়ে জামায়াত আমির শফিকুর শনিবার মধ্যরাতে তার ফেইসবুক পেইজে লেখেন, রোববার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতকালে অত্যন্ত কঠোর ভাষায় তার দলের নেতাকর্মীদের সহিংসতা ও বিশৃঙ্খল আচরণ দমনে আরও অনেক বেশি কঠোর হওয়ার কথা বলবেন।
এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, দলের চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির সভাপতি নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন।
নিজস্ব প্রতিবেদক 





















