নিজস্ব প্রতিবেদক :
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর শেষে তিনি নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন নবাগত প্রধানমন্ত্রী। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে সই করেন তিনি। সেই সঙ্গে প্রচলন মেনে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন তারেক রহমান।
এদিকে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী যাবেন তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। সেখানেও জানাবেন শ্রদ্ধা। এরপর দুপুরে পৌঁছাবেন সচিবালয়ে। সেখানে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া দেওয়া হয়। এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয় সিসিটিভি ক্যামেরার আওতায়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন।
সচিবালয়ে এসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। দুপুরের পর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। মূলত এটি হবে পরিচিতিমূলক। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন নতুন প্রধানমন্ত্রী।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
নিজস্ব প্রতিবেদক 





















