নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম রুখতে কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।
সোমবার (২ মার্চ) প্রতিমন্ত্রীর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনসাধারণের দুর্ভোগ লাঘব এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট এলাকার যেকোনো নাগরিক চাঁদাবাজি, সন্ত্রাস বা অনিয়মের শিকার হলে ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।
এই উদ্যোগের বিষয়ে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, আমার নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাশত করা হবে না। এই হটলাইনের মাধ্যমে আমি সরাসরি জনগণের সমস্যাগুলো তদারকি করতে চাই।
সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, সরাসরি অভিযোগ জানানোর সুযোগ থাকায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পাবে।
নিজস্ব প্রতিবেদক 
















