চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন।
রোববার (২১ ডিসেম্বর) হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, সম্প্রতি এএইচসিআই চট্টগ্রামে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার কারণে আইভ্যাক চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ অবস্থান নেয় একদল লোক। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১২ জনকে আটক করে।
উল্লেখ্য, নিরাপত্তা পরিস্থিতির কারণে দেখিয়ে গত ১৭ ডিসেম্বর দুপুরের পর ঢাকার যমুনা ফিউচার পার্কে আইভ্যাক বন্ধ ঘোষণা করা হয় এবং ১৮ ডিসেম্বর রাজশাহী ও খুলনার কার্যক্রম বন্ধ করা হয়। তবে তা পরদিন আবার পুনরায় চালু করা হয়।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 






















