গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জ পৌর এলাকায় একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই আনসার সদস্য ও এক কিশোরীসহ তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত গোপালগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনমসহ মোবাইল টিমের সদস্যরা আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করেন।
আহত ব্যক্তিরা হলেন- ব্যাটালিয়ন আনসার সদস্য ফরিদপুরের মধুখালী উপজেলার বামনদি গ্রামের আ. খালেক মোল্লার ছেলে মো. জামাল মোল্লা ও সদর উপজেলার তেতুলিয়া গ্রামের সুনীল মজুমদারের ছেলে সুকান্ত মজুমদার (২৮) এবং শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী খানের মেয়ে আমেনা খানম (১৩)। এর মধ্যে আমেনা খানমের বাঁ পায়ে এবং আনসার সদস্যদের চোখের ওপরে হালকা জখম হয়।
ভোটকেন্দ্রে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় সন্ত্রাসীরা ভোটকেন্দ্র লক্ষ্য করে খালের ওপার থেকে একটি ককটেল নিক্ষেপ করে। কেন্দ্রের মধ্যে পড়ে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হন। এসময় ভোট কেন্দ্রের ভেতরে থাকা ভোটর ও আশাপাশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী এবং বিজিবির টহল দল ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরামবাগ এলাকার ভোটার অবিনাশ সরকার বলেন, ‘হঠাৎ কেন্দ্রের মধ্যে বিকট শব্দ ও ধোঁয়া সৃষ্টি হয়। মনে হলো, দূর থেকে কেউ ককটেল-জাতীয় কিছু একটা ছুড়ে মেরেছে। পরে দেখলাম একটি কিশোরী মেয়ের বাঁ পায়ে ও দুজন আনসার সদস্যের চোখের ওপরে কিছু একটা লেগে জখম হয়েছে। ভোটাররা যেন কেন্দ্রে না আসে, সেই ভীতি সৃষ্টি করতে এই ঘটনা ঘটানো হয়েছে।’
রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। সকাল সোয়া ৯টার দিকে একটি বিকট শব্দ হয়। রুম থেকে বের হয়ে দেখি কেন্দ্রের মেইন গেটে ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেন্দ্রের ভেতরে দায়িত্বরত দুই আনসার সদস্য ও এক কিশোরী সামান্য আহত হয়েছে। তবে ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।
এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাথমিক বিদ্যালয়, শহরের বীণাপাণি স্কুল, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর হাইস্কুল, মাঝিগাতী হাইস্কুল এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রসহ অন্তত ১০টি ভোটকেন্দ্র ও এর আশপাশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এসব ঘটনায় বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সেনাবাহিনীর একটি দল গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী পূর্বপাড়া এলাকা থেকে খালেদ মোল্লার ছেলে জিসান মোল্লাকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোপালগঞ্জে ৩৯৭টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 





















