নিজস্ব প্রতিবেদক :
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না। দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং শনিবার (১৪ মার্চ) রাত থেকে থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো। গণপরিবহনের ক্ষেত্রে সরকারের নির্দেশনা পরিবর্তন হলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা আসেনি। গণপরিবহনের জন্য তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না।
শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর গুলিস্তান বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহ নিয়ে একটি শঙ্কার কথা বলা হচ্ছে। তবে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে। রোববার ((১৫ মার্চ) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। তেলের ঘাটতিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং বাস ভাড়া বাড়ানো না হয়-এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি যতটুকু জেনেছি, এই নির্দেশনা কার্যকর আছে এবং থাকবে। ভাড়া বাড়ানো হয়নি এবং বাড়ানোর সুযোগও নেই।
তিনি বলেন, মহাসড়কে যেসব ফিলিং স্টেশন রয়েছে, সেগুলো ঈদের আগে সাতদিন এবং ঈদের পর পাঁচদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়েই গণপরিবহনগুলো ছেড়ে যাচ্ছে এবং কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, ইতোমধ্যে ২৬০টি স্পট চিহ্নিত করা হয়েছে, যেখানে যানজট হওয়ার আশঙ্কা থাকে। এসব স্থানে যানজট এড়াতে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেখ রবিউল আলম বলেন, আমরা একটি স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে চাই। যাত্রীরা যাতে নির্দিষ্ট সময়ে বাড়িতে পৌঁছাতে পারেন এবং ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে না থাকেন, সে বিষয়ে সরকারের সর্বাত্মক মনোযোগ রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















