নিজস্ব প্রতিবেদক :
খুব শিগগির পুলিশে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগির আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। এর পাশাপাশি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এই নিয়োগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজকে আমরা সারাদেশের জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠন করার জন্য একটা চিঠি জারি করেছি, সেটা জেলা পর্যায়ে যাবে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটিরও কমিটি পুনর্গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকে পুলিশ সার্জন নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে। যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে এর বাইরে আরও আমরা জনবল বাড়ানোর জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই প্ল্যান করতেছি।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে।
তিনি বলেন, এ ছাড়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ দেওয়া হবে। এটা আমরা পরে জানাব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের নতুন পোশাক পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের পোশাক পরিবর্তন করবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক 





















