কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর এলাকায় একটি গোডাউনের দেয়াল ধসে পড়ে মো. আব্দুস সামাদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগুর বাসস্ট্যান্ডসংলগ্ন বাগুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবীদ্বার উপজেলার গুনাইগর ইউনিয়নের শাকতলা-মাসিকাড়া গ্রামের বাসিন্দা। তিনি চান্দিনা-বাগুর বাস স্টেশনের সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং হোটেল মালিক মো. মিজানুর রহমানের শ্বশুর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের দক্ষিণ পাশে অবস্থিত ‘মেসার্স মনিরুল এন্টারপ্রাইজ’-এর একটি টিনের দোকানের গোডাউন রয়েছে। ওই গোডাউনের দেয়ালের সঙ্গে ঘেঁষে টিন রাখার কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এক পর্যায়ে দেয়ালটি ধসে হোটেলের ভেতরে পড়ে যায়। এতে হোটেল ভবন ও টিনের গোডাউনের পুরো অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ।
ঘটনার সময় হোটেলে থাকা অন্যান্য কর্মচারী ও ক্রেতারা দ্রুত বাইরে বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী মোবারক জানান, গোডাউনের দেয়ালের পাশে দীর্ঘদিন ধরে টিন রাখা ছিল। দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ শব্দ করে দেয়ালটি ভেঙে পড়ে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার অভিযান চালায়।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আমরা এসে উদ্ধার অভিযান পরিচালনা করি। হোটেল ম্যানেজার ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তদন্ত করে বের করতে হবে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বল দেয়াল ধসে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কুমিল্লা জেলা প্রতিনিধি 






















